খেলাফত মজলিসের আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন, আজকের যুব সমাজই আগামীর বাংলাদেশের কারিগর। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবকদেরকে নৈতিকতার আদর্শে বলিয়ান হতে হবে। মাদকাসক্তি ও বেকারত্বের কষাঘাতে জর্জরিত যুব সমাজকে পথের দিশা দিয়ে একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী যুব মজলিস তার আত্মপ্রকাশ
ঘটিয়েছে। দেশে একটি আমূল পরিবর্তন আনতে এ যুব সংগঠন ভূমিকা রাখবে। ইসলামী যুব মজলিস এ দেশের যুবকদের একটি নির্ভরযোগ্য আশয়স্থল হবে।
শুক্রবার (১০ মার্চ) সকালে বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী যুব মজলিসের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, আগামী রমজানকে কেন্দ্র করে বাজারে মুরগী, গরু গোস্তসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আবারও বৃদ্ধি করা হয়েছে। সরকার ইতিমধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আড়তদার ও মজুদদারদেরকে নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। রিজার্ভ ও তহবিল সংকটের কারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় পণ্য আমদানী ব্যহত হচ্ছে।
মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আরও বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানে সরকারের এখনও পর্যন্ত কোনও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে একটি দেশ চলতে পারে না। জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর
মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল প্রমুখ।
খেলাফত মজলিসের আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আগামী ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ইসলামী যুব মজলিসের ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
আহ্বায়ক হলেন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সদস্য সচিব, তাওহীদুল ইসলাম তুহিন, যুগ্ম সচিব, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, যুগ্ম সচিব, মাওলানা সোহাইল আহমদ।
সদস্যরা হলেন, মাওলানা মনির হোসাইন, মহিউদ্দিন জামিল, মাওলানা আবুল হোসাইন, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, মুহাম্মদ শাহীন, দেওয়ান তানজিল আহমদ, মাওলানা আজিজুল্লাহ আহমদী, সালমান আহমদ, মাওলানা আবু তাহের, মাওলানা জহিরুল ইসলাম।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালী বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে এসে সমাপ্ত হয়।










