ভারতের অরুণাচল প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। নিহতরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর এ জয়ন্ত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে প্রদেশটির বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনা, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) ৫টি অনুসন্ধান দল তাৎক্ষণিক অভিযান শুরু করে। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে পাওয়া গেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, হেলিকপ্টারটির পাইলট ও কো-পাইলট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
এর আগে, গত ৮ মার্চ ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ)-এমকে৩ মুম্বাই উপকূলের কাছে সমুদ্রে ডুবে যায়। ওই ঘটনার পরে সব এএলএইচকে সতর্কতামূলক চেকিংয়ের জন্য গ্রাউন্ডেড করা হয়েছিল।











