গত ফেব্রুয়ারিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের শত শত সশস্ত্র উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের হুওয়ারা ও এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায়। কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয় তারা। এ হামলায় অন্তত ২ জন ফিলিস্তিনি শহীদ ও ৩৯০ জন আহত হয়।
এ শহরটি পুনর্নির্মাণের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন।
আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি (ডাব্লিউএএম) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের সমর্থন ও পাশে দাঁড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত এ সহায়তা প্রদান করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাত-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ ক্লাবের সহযোগিতায় ই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। যার প্রধান দায়িত্বে থাকবে সংযুক্ত আরব আমিরাতের পৌরসভা ও পরিবহন বিভাগ। ইতিমধ্যে এ বিভাগ দুটো উদ্যোগটি বাস্তবায়নের জন্য একটি বৈঠক সম্পন্ন করেছে। এ বৈঠকে ফিলিস্তিনের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল।
২০২০ সালে আমেরিকার মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডের’ অংশ হিসাবে ইসরাইলের সাথে ‘সম্পর্ক স্বাভাবিক’ করে আরব আমিরাত। তবে এ বছর জেনিনের ফিলিস্তিনি ক্যাম্প, নাবলুস ও হুওয়ারা শহরসহ বেশ কয়েকটি জায়গায় ইসরাইলী হামলার সমালোচনা করেছে দেশটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও ডাব্লিউএএম











