ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জাতীয় নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে শুধুমাত্র এটাই যথেষ্ট নয়, বরং জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর কোন বিকল্প নেই। বিগত নির্বাচনে দেশবাসী দেখেছে দলীয় সরকারের অধীনের নির্বাচনের কুফল। দিনের ভোট রাতে কেটে বিশ্বে ইতিহাস তৈরি করেছে বর্তমান সরকার। কাজেই ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ঘোষণাই সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট নয়।
আজ বুধবার (৫ এপ্রিল) রাজধানীর কোতয়ালীর একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস, গুনাহ মাফের মাস। কুরআন নাজিলের মাস। এজন্য এ মাসের ফজিলত বাকি ১১ মাসের চেয়েও অনেক বেশি। রমজান মাসের গুরুত্ব কুরআন নাজিলের কারণে। কুরআন নাজিলের মাসে
কুরআনের আইন প্রবর্তণে সকলকে কাজ করতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে দেশে অশান্তি থাকবে না। মারামারি, কাটাকাটি, হানাহানি, মদ-জুয়া, প্রবঞ্চনা, জালিয়াতি, ঠকবাজি, মুনাফাখোরী সব বন্ধ হয়ে সর্বত্র শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হবে। এজন্য সকলকে কুরআনের দাওয়াত সর্বত্র পৌঁছে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ বরকত উল্লাহ লতিফ।
থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা. মুহাম্মাদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, বাবুবাজার জামে মসজিদের খতীব মুফতী জিয়াউদ্দিন বিন নুর, আহমদ বাওয়ানি একাডেমী স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মুহাম্মাদ মোশারফ হোসেন মুন্সী মুকুল, ঢাকা মহানগর দক্ষিণের এ্যাসিটেন্ট সেক্রেটারী মোঃ নুরুজ্জামান সরকার, জাতীয় শিক্ষখ ফোরামের মুফতি মহিউদ্দিন আকবর আলী, নগর দক্ষিণ নেতা মুহাম্মাদ কায়েস উদ্দিন, বামুক সদর আলহাজ্ব মুহাম্মাদ আলী হোসেন, ছাত্রনেতা মুহাম্মাদ ওবায়দুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, মুহাম্মাদ সাকিব প্রমুখ।










