ভারতে সম্রাট শাহজাহানের তৈরি করা বিশ্বখ্যাত ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহল এবং সুলতানি আমলে তৈরি দিল্লির কুতুব মিনার ভেঙে সেখানে মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন আসামের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মি।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার আবেদন অবিলম্বে তাজমহল এবং কুতুব মিনার ভেঙে মন্দির গড়া হোক।
বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে তাজমহল ও কুতুব মিনার অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানাচ্ছি। এই দুটি স্মৃতিস্তম্ভের জায়গায় বিশ্বের সবচেয়ে সুন্দর মন্দির তৈরি করা উচিত। উভয় মন্দিরের স্থাপত্য এমন হওয়া উচিত যাতে অন্য কোনও স্মৃতিস্তম্ভ এর কাছাকাছি না থাকে।
বিজেপির এই বিধায়ক বলেন, ১৫২৬ সালে মুঘলরা ভারতে এসেছিল এবং তাজমহল ১৬৩২ সালে নির্মিত হয়েছিল। সেই মানুষগুলো যদি ফিরে না যায়, তাহলে তাজমহল তৈরির টাকা কোথা থেকে পেল মুঘলরা? এটা স্বাভাবিক যে দেশে সেসময়ে হিন্দু রাজারা ছিলেন, হিন্দু জনগণ ছিলেন, তাদের কাছ থেকে টাকা লুটপাট, মারধর ও ডাকাতি করে তাজমহল তৈরি করা হয়েছে।
সূত্র : পার্সটুডে











