মুসলমানদের প্রথম ক্বিবলা পবিত্র মাসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের উপর হামলা ও ধরপাকড় চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ।
সংগঠনের আমীর ও জৌনপুর পীর মুফতী ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ফিলিস্তিন মুসলমানদের সম্পদ। বাইতুল মোকাদ্দাস মুসলমানদের কেবলা। বাইতুল মোকাদ্দাসের পবিত্রতা রক্ষা করা কেবল ফিলিস্তিনি মুসলমানদের দায়িত্ব নয়, বরং ৫৭ টি মুসলিম রাষ্ট্রের শাসকদের উপর ফরজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে সামরিক পদক্ষেপ নিয়ে বায়তুল মুকাদ্দাসের পবিত্রতাকে অক্ষুন্ন রাখা। ঠুনকো জাতিসংঘ দিয়ে আল-আকসাকে ইহুদী মুক্ত করা যাবে না, ফিলিস্তিনি মুসলিমদের অধিকার আদায় করা যাবে না।
শুক্রবার (৭ এপ্রিল) আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. আব্বাসী বলেন, আমেরিকার মদদপুষ্ট ইসরাইলের ইহুদীরা যখন বাইতুল মোকাদ্দাসে নামাজরত মুসল্লীদের উপর হামলা চালায়, পাখির ন্যায় গুলি করে; আমাদের ঘুম হারাম হয়ে যায়, আনন্দগুলো কর্পুরের মতো উড়ে যায়, কলিজায় রক্তের ক্ষরণ হয়। কিন্তু ইহুদীদের মনে রাখতেই হবে, আমাদের প্রতিটি রক্তের ফোটার বদলা আমরা আদায় করে নিবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ফিলিস্তিনি মুসলমানদের হাতে অস্ত্র তুলে নিতে হবে, বিশ্ব মুসলিম রাষ্ট্রের সামরিক সহায়তা করতে হবে, ফিলিস্তিন থেকে ইহুদিদের বিষদাতকে ভেঙে ফিলিস্তিনকে ইহুদী মুক্ত করতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের যে সরকারই আসুক না কেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলকে যেন কোনদিনও স্বীকৃতি দেওয়া না হয়। সেজন্য সংসদে বিল পাশ করতে হবে।
একই সাথে ড. আব্বাসী ইসরাইলের সকল পণ্য ঘৃণার সাথে বর্জন করার আহবান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য সাইয়্যেদ মাওলানা মুফতী মুহাম্মাদ এহসানুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহিম, মাওলানা মুহাম্মাদ আব্দুল হাকিম প্রমুখ।











