spot_img

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ২৭০টিরও বেশি আসন পেয়ে সরকার গঠন করবে : প্রিন্স

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে শোচনীয় পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ আবারো নয়া কৌশলে প্রহসনের নির্বাচন করতে ষড়যন্ত্রে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এবার আর কোনো অপকৌশল, ষড়যন্ত্রে কাজ হবে না। ইভিএম বাতিল করে ব্যালট পেপারে নির্বাচনের নতুন সিদ্ধান্তের মতো দলীয় সরকারের পরিবর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে তারা বাধ্য হবে। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনে বিএনপি ২৭০টিরও বেশি আসন পেয়ে সরকার গঠন করবে, আওয়ামী লীগ হোয়াইটওয়াশ হয়ে যাবে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হালুয়াঘাট ডিএস আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত উপজেলা অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার একতরফাভাবে ২০১৪, ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের জন্য ষড়যন্ত্র করে বিদেশিদের বিভ্রান্ত করতে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের মিথ্যাচার করছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে রাজনৈতিক দলসহ জনগণ অংশ নেবে না, হতে দেবে না।

সাধারণ মানুষ এখন দিশেহারা উল্লেখ করে প্রিন্স বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র অর্থনৈতিক সংকটে ক্ষুধার জ্বালায় মানুষ দিশেহারা। অথচ সরকার নির্বিকার। সরকার মিথ্যা আশ্বাস আর দুর্নীতিতে মহাব্যস্ত। মানুষ অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে নিপতিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ