গত শনিবার রাতে ও রবিবার সকালে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলে সিরিয়া ও লেবানন থেকে রকেট হামলা চালানো হয়। ইতিমধ্যে এই অঞ্চলটি পরিদর্শনের জন্য অনেক পর্যটকই অগ্রিম পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু এ হামলার পর নিরাপত্তা জনিত কারণ উল্লেখ করে ৯০ শতাংশ পর্যটকই তা বাতিল করে দিয়েছে। যার ফলে সেখানকার ব্যবসায়ীরা বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইসরাইলের হিব্রু পত্রিকা ‘মারিভ’ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাসওভার উৎসবের ছুটিতে উত্তর ইসরাইলের গোলান ও গ্যালিলের ব্যবসায়ীরা প্রচুর দর্শনার্থীর প্রত্যাশা করেছিলেন। তবে সিরিয়া ও লেবানন থেকে রকেট হামলার কারণে যেসব পর্যটকরা এই অঞ্চলটি পরিদর্শনের পরিকল্পনা করেছিল তাদের ৯০ শতাংশই তা বাতিল করে দিয়েছে।
এই অঞ্চলের একজন ব্যবসায়ী ‘মারিভকে’ বলেন, “ব্যবসা করার জন্য এই সপ্তাটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখন ছুটির সময়। এই সপ্তাহে ব্যাবসা না করতে পারলে আমরা পুরো মৌসুম হারাবো।”
উল্লেখ্য, গত শনিবার রাতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়। যার ১৫ টি আয়রন ডোম (আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা) নিষ্ক্রিয় করে। তবে এই রকেট হামলার কারণে বেসামরিক ফ্লাইট এর জন্য ওই অঞ্চলের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও আল মায়াদিন











