spot_img
spot_img

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু আজ

ঈদের ফিরতি যাত্রার টিকিট আজ শনিবার (১৫ এপ্রিল) থেকে বিক্রি শুরু করছে রেলওয়ে। এ টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, শনিবার বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬; ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭; ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮; ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।

এর আগে ঈদ যাত্রায় রেল‌ওয়ের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রয় করা হয়। এদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হয় ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকেট।

এদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে।

তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে অনলাইনে টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর লিপিবদ্ধ করতে হবে। এ ছাড়া ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি/সফটকপি অথবা পাসপোর্ট/ছবি সংবলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। টিকিটের ওপরে মুদ্রিত যাত্রীর নাম ও এনআইডি নম্বর যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্রের সঙ্গে না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে এবং বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ