ফিলিস্তিনের উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরব সফরে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকারী রেডিও স্টেশন। এ সফরে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সৌদি বাদশাহ সালমানের সঙ্গেও ফিলিস্তিন বিষয়ক আলোচনা করবেন।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার (১৭ এপ্রিল) এ সফরের উদ্দেশ্যে রওনা দিবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
রিয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাসেম আল-আগা গনমাধ্যমকে জানিয়েছেন, এ বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আল-আকসা মসজিদ ও জেরুসালেমে দখলদার ইসরাইলী বাহিনীর বিভিন্ন অপরাধ ও দখলদারিত্বের শিকার হওয়া ফিলিস্তিনিদের উন্নয়নের বিষয়ে কথা বলবেন।
অন্যদিকে, আনাদোলু নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি একটি সূত্র থেকে জানিয়েছে, হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। যার মধ্যে রয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ, তার ডেপুটি সালেহ আল-আরৌরি ও হামাসের প্রবাসী অফিসের প্রধান খালেদ মিশাল।
সূত্রটি আরো জানিয়েছে, এ প্রতিনিধি দলটি সৌদি কর্মকর্তাদের সাথে ফিলিস্তিন, আঞ্চলিক ইস্যু ও হামাস এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবে।
যদিও এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায় নি।
সূত্র: টিআরটি ও মিডল ইস্ট মনিটর











