সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার ও নিউমার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে এনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশের অর্থনীতিতে ধস নামানোর ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীগঞ্জের ঘাটারচরে ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ, নারী কর্মীদের মাঝে শাড়ি ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের মাধ্যমে অর্থনীতিতে ধস নামানোর ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপি অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিএনপি ২০১৮ সালে নির্বাচনকে বিতর্কিত করতে অংশ নিয়েছিল। এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে।
বিএনপি ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায় উল্লেখ করে তিনি আরও বলেন, ইফতার পার্টি না করে আওয়ামী লীগ সেই অর্থ অসহায়দের জন্য ব্যয় করছে। সরকার পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করছে। শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা আছে।










