‘বিএনপি কোন ঈদের পর আন্দোলন করবে’- প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, ঈদের পরে, শীতের পরে, গ্রীষ্মের পরে, স্কুল ছুটির পরে, কুরবানির পরে, বর্ষার পরে- এসব কথা চৌদ্দ বছর ধরে শুনে আসছি। মির্জা ফখরুল সাহেবের এসব কথা মানুষ হাস্যকর বক্তব্য হিসেবে চিহ্নিত করেছে। আর তিনি ‘ঈদের পরে’ বলেছেন, কিন্তু কোন ঈদের পরে সেটি বলেননি। আমার প্রশ্ন, কোন ঈদের পরের কথা তারা বলছেন?
শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান এবং নিরাপদ যাত্রা কামনা করেন।
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি এই নির্বাচন বর্জন করার কথা বললেও তাদের নেতারা যে এতে অংশ নিতে চায়, সেটি স্পষ্ট। অন্য নির্বাচনেও তাদের নেতারা স্বতন্ত্রভাবে অংশ নিয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের জন্যও নেতারা ছুটোছুটি করছে, তাদের অন্দরমহলে নানা আলোচনা হচ্ছে। নির্বাচনে এলে আমরা বিএনপিকে স্বাগত জানাই। আমার ধারণা, তাদের অনেকেই মুখোশ লাগিয়ে নির্বাচনে অংশ নেবে। আমরা চাই, তারা মুখোশ ছাড়াই অংশ নিক।










