ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নাম না করে বলেছেন, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা দেশকে টুকরো করতে চাই না।
তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের অনুষ্ঠানমঞ্চ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
মমতা বলেন, ‘জীবন দেব কিন্তু দেশ ভাঙতে দেব না। গণতন্ত্র চলে গেলে সব চলে যাবে। এক বছর পরে দেশের ক্ষমতায় কে আসবে সেই নির্বাচন হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ। আজ সংবিধান, ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে। যা খুশি তাই করছে। তারা ‘এনআরসি’ নিয়ে এসেছে। আমি তাদেরকে বলেছি যে আমি এটি করতে দেব না।
তিনি বলেন, ‘আপনারা শান্ত থাকুন, কারো কথা শুনবেন না। আমাকে গাদ্দার পার্টির সাথেও লড়াই করতে হয়। এজেন্সির সাথেও আমাদের লড়াই করতে হয়। আমরা লড়াই করার জন্য তৈরি আছি। আমি আমার সাহসের জোরে তাদের মোকাবেলা করছি। আমি তাদের সামনে মাথা নত করতে রাজি নই।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষ তো তারাই যারা মানবিক। মানুষ তো তিনিই যিনি সবাইকে নিয়ে চলেন। দেশের নেতা তিনিই হন, যিনি গোটা দেশের নেতা। ভাঙচুর করে দেশের নেতা হওয়া যায় না। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করব যাতে এদের দাদাগিরি বন্ধ হয়।
পার্সটুডে











