spot_img

মানুষের নির্বিঘ্নে ঈদ উদযাপন বিএনপির পছন্দ নয় : ওবায়দুল কাদের

সাধারণ মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ এপ্রিল) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

‘দুঃখ-কষ্টে ঈদ উদযাপন করছে সাধারণ জনগণ’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়। মানুষ যে আবেগ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে তাতে সবসময়ই বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নেতিবাচক বক্তব্য তাদের সেই চিরাচরিত গাত্রদাহের প্রতিফলন।’

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্ব ব্যাংক, এডিবি ও ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এসব তথ্য আমলে না নিয়ে তারা প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়েই যাচ্ছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ