শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের পকেট থেকে ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া একটি দল বিএনপি। সে দলটি আন্দোলনের কথা বলে প্রায়ই। কিন্তু তারাতো শিখেছে হত্যা ও ষড়যন্ত্র। এটাই হচ্ছে তাদের পদ্ধতি।
রোববার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ আন্দোলন করেছে, আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি এবং উন্নয়ন পাচ্ছি। আর বিএনপি ও তাদের দোসর জামায়াত যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলেও শঙ্কিত বোধ করে। কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নিসন্ত্রাস, দেশের সম্পদ ধ্বংস করা, মানুষের জানমালের ওপর হামলা করা। আমরা জানি বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস চায় না। দেশকে অস্থিতিশীল করার যত অপচেষ্টা তার কোনোটাই মানুষ চায় না।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।











