মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে ও বিদেশে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
গত রবিবার (৩০ এপ্রিল) জার্মানির মিউনিখের একটি হোটেলে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত তাদের স্বরূপ উন্মোচন করে উপযুক্ত জবাব দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নচিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা ও তাদের পরবর্তী প্রজন্ম এখনও দেশে-বিদেশে সক্রিয় রয়েছে। তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সারা বিশ্বের কাছে বিস্ময়কর। অথচ নেতিবাচক, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে স্বাধীনতাবিরোধীরা। তারা বিভিন্ন দেশে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের সোচ্চার হতে হবে।
শ ম রেজাউল করিম আরও বলেন, আমাদের নেতা শেখ হাসিনা, আদর্শ বঙ্গবন্ধু, দেশ বাংলাদেশ, চেতনা মুক্তিযুদ্ধের। আমাদের আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তর চেয়ে বড় সম্পদ বাংলাদেশের জন্য আর দ্বিতীয়টি নেই। আইএমএফ প্রধান সম্প্রতি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে বলে জানিয়েছেন। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। সেজন্য প্রবাসীরা বিশ্বের যেকোন স্থান থেকে শেখ হাসিনাকে ৎসমর্থন দিতে হবে। তাকে ঘিরে দেশে ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।











