spot_img

নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন; মুফতী ফয়জুল করীমকে তলব করল ইসি

বরিশাল সিটি নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ মে) রাতে ফয়জুল করীমকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ হুমায়ুন কবির।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য গত ৩ মে আপনার (মুফতী সৈয়দ ফয়জুল করীম) পক্ষে এইচ এম হাসানুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল “ইসলামী আন্দোলন বাংলাদেশ” হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, আপনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, আপনি ০৮ মে বরিশাল বিমানবন্দর থেকে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আসবেন। এর পরিপ্রেক্ষিতে আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতিনিধিকে জানানো হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ১১ (২)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, একাধিকবার যোগাযোগের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিনিধি পক্ষ থেকে নির্বাচনের সব আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, আপনার অনুসারীরা মোটরসাইকেল, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করেছে। আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শোডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এ বিষয়ে ১০ মে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি ভোটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে অনুরোধ করা হল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ