spot_img
spot_img

নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ভোট স্থগিত করা হবে: হুঁশিয়ারি সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ স্থগিত করা হবে।

বুধবার (১০ মে) জেলা শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেয়া হবে। নির্বাচনী মাঠে কারো এজেন্টকে বাধা দিলে প্রার্থিতা বাতিল করা হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মাঠে যখন খেলা হবে তখন দুই পক্ষকেই খেলতে হবে। কেউ কালো টাকা বিতরণ করলে আরেকজনকে তা প্রতিহত করার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন বা পুলিশ এসে রাতারাতি সেটা প্রতিহত করবে, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু করণীয়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করব। আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না। তবে আমরা এককভাবে কিছু করতে পারব না। আমাদের সহযোগী প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে তাদের দায়িত্ব শক্তভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। আমাদের নির্বাচন নিয়ে ইউরোপ-আমেরিকা কথা বলছে। কাজেই গাজীপুরের নির্বাচনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় নির্বাচনের আগে এত বড় পরিসরে একটি নির্বাচন অনেক গুরুত্ব বহন করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ