বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিরাপত্তা সেবার বিনিময়ে পরিবাহিত পণ্যের মোট মূল্যের ২০ শতাংশ ফি দেওয়ার শর্ত দিয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ প্রস্তাব দেন।
ট্রাম্প বলেন, ‘আমরা যেসব দেশকে সহায়তা করছি, তাদের কাছ থেকে সেই ব্যয়ের অর্থ ফেরত চাই। আমরা বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলের নিরাপত্তা দিচ্ছি। এজন্য আমাদের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তাই এই নিরাপত্তা সেবার বিনিময়ে আমাদের অর্থ পরিশোধ করা হবে।’
তিনি বলেন, আমেরিকা নিজের প্রয়োজনের জন্য নয়, বরং মিত্রদের নিরাপত্তার স্বার্থেই এ ভূমিকা পালন করছে।
এ প্রসঙ্গে ইসরাইল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন ট্রাম্প। দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা ‘খুবই কার্যকর ভূমিকা’ পালন করেছে বলেও দাবি করেন তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ অবস্থান আমেরিকার পররাষ্ট্রনীতিতে ‘নিরাপত্তার বিনিময়ে মূল্য’ বা ‘পে ফর প্রোটেকশন’ ধারণাকে আরও স্পষ্ট করে তুলছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কের একটি নতুন অর্থনৈতিক মাত্রাও সামনে আনছে এ প্রস্তাব।










