জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দলের সভাপতি। শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।
বুধবার (১০ মে) নির্বাচনী এলাকা পীরগঞ্জের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও পুরাতন সদস্যদের নবায়ন অনুষ্ঠানের শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী পীরগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। এরা সকল আঘাত থেকে দলকে রক্ষা করে চলেছে। সারা বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, তাকে অকুণ্ঠ সমর্থন করে, এবং এই সমর্থন বলেই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন।











