রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে প্রধানমন্ত্রীর ১৫ দিনের বিদেশ সফরের অর্জন শূণ্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, নির্বাচনের বছর বিদেশীদের কাছে ধর্ণা দেয়ার সংষ্কৃতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশে ১৫ দিন রাষ্ট্রীয় সফর করে রিক্ত হস্তে ফিরে এলেন। স্যাংশন বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ হয়ে তিনি দেশে ফিরে ঘোষণা দিলেন ঐ রাষ্ট্রগুলো থেকে পণ্য কিনবেন না।
আজ মঙ্গলবার (১৬ মে) পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা বিদেশী কূটনৈতিক জোনের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহারই প্রমাণ করে ১৫ দিনের সফরের অর্জন পুরোটাই অন্তঃসারশূণ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রে সফর করলে দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে তার উল্টোটা হয়েছে। কাজেই বিশ্ব প্রত্যাখ্যাত বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
তিনি আরও বলেন, অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচন দিয়ে জাতিকে মুক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ্ব আব্দুর রহমান, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, এডভোকেট হাসিবুল ইসলাম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নূরুল করীম আকরাম প্রমুখ।










