বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকার জুলুম চালাচ্ছে। তাই এ সরকারের পতন ছাড়া বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
বুধবার (১৭ মে) গণম্যাধমে দেওয়া এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহস নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবেন না।
তিনি বলেন, দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারছে না। আর তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলায় ৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়নেরই আরেক বহিঃপ্রকাশ।










