সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ ও জেলায় একযোগে সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার (১৯ মে) সারাদেশে এই জন-সমাবেশ করবে দলটি। আর এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল (শুক্রবার) বেলা আড়াইটায় বিভিন্ন বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর শ্যামলী ক্লাব মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগে প্রধান অতিথি হিসেবে স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ও জেলায় মির্জা আব্বাস, কুমিল্লা বিভাগে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সিলেট বিভাগে নজরুল ইসলাম খান, খুলনা বিভাগে আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহী বিভাগে বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।









