তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বিএনপি নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
দশ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা জানান।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ওবায়দুল কাদের সাহেবদের খেলা শুরু হয়ে গেছে। কিন্তু অচিরেই সেই খেলার পরিণতি শেষ হয়ে যাবে। তবে বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবে।
সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ শত শত মানুষকে গুম, খুন করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে আছে। কিন্তু এভাবে একটা দল ক্ষমতায় টিকে থাকতে পারে না এবং দেশ চলতে পারে না। এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। তাই আওয়ামী লীগের অনেকেই এখন পালানোর পরিকল্পনা করছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ আপোষে পালাতে চাইলে পালাতে পারবে। তবে জোর করে কেউ পালাতে পারবে না। যারা খুন হয়েছে, গুম হয়েছে তাদের পরিবার কাউকে পালাতে দেবে না। অচিরেই আওয়ামী লীগের খেলা শেষ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।










