spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান তৃতীয়

আজ শুক্রবার (২ জুন) রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান তৃতীয়।

তবে তালিকায় ঢাকার গড় স্কোর ১৫৭ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল আরও বেশি অস্বাস্থ্যকর। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ১৭০, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একই সময়ে রাজধানী অদূরে সাভারের হেমায়েতপুর এলাকার স্কোর দেখা যায় ১৬৭। মার্কিন দূতাবাস এলাকার বাতাসের গড় মান ১৬৪।

এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে শুক্রবার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ১৬৯। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৯। চতুর্থ ভারতের দিল্লি, স্কোর ১৫২। পঞ্চম অবস্থানে রয়েছে চীনের উহান (১৪৬)।

বায়ু বিশেষজ্ঞদের মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ