লোডশেডিংয়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। মূলত পানি সরবরাহ করতে না পারায় সেসব এলাকায় পানি সংকটে পড়েছেন নগরের অনেক এলাকার মানুষ। এই পরিস্থিতিতে রাজধানীবাসীকে পানি কম ব্যবহারের পরামর্শ দিয়েছেন ওয়াসার এমডি তাকসিম এ খান।
বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর কাওরানবাজারে ওয়াসা ভবনে চলমান পানি সংকট নিয়ে এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।
ওয়াসার এমডি বলেন, আমাদের ১০টি মডস জোনের মধ্যে পাঁচটিতে পানি সরবরাহ স্বাভাবিক আছে। বাকি পাঁচটি জোনে সমস্যা হচ্ছে। বিদ্যুৎ নিয়মিত না পাওয়ার কারণে পাম্প চালাতে পারছে না ঢাকা ওয়াসা। ফলে ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ঢাকায় দৈনিক ২৮৫ থেকে ২৯৫ কোটি লিটার পানির চাহিদা আছে। কিন্তু উৎপাদন হচ্ছে ২৪০ কোটি লিটারের মতো।
তিনি বলেন, এই সংকটের সময় রানিং পানি ব্যবহার না করে, পাত্রে নিয়ে পানি ব্যবহার করুন। এ ছাড়া সংকট বাড়লে প্রয়োজনে রেশনিংয়ের মাধ্যমে কোনো এলাকায় ৮ ঘণ্টা পানি বন্ধ রেখে অন্য এলাকায় দেওয়া হবে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। এ কাজে ঢাকা ওয়াসার ৪৮টি পানির গাড়ি কাজ করছে। ছোট রাস্তার জন্য ১৭টি ট্রলি গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তবে বিদ্যুৎ বিভ্রাটের জন্য গাড়িতেও পানি ভরতে সমস্যা হচ্ছে।
তাকসিম এ খান বলেন, আমাদের দুই ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। একদিকে পানি কম উৎপাদন হচ্ছে। পাইপের পানি গরম থাকায় অনেকে দীর্ঘসময় পানি ছেড়ে ঠান্ডা পানি আসা পর্যন্ত অপেক্ষা করেন।











