প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এর কবলে পড়েছে।
শুক্রবার (৯ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে বিদ্যুৎ সংকট ও মূল্যস্ফীতির মতো দেশবাসীর কিছু অসুবিধা হচ্ছে। তবে এটা সাময়িক, বেশি দিন থাকবে না।
দুঃসহ গরম এবং ভয়াবহ লোডশেডিং প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বেশ কয়েক দিন ধরে যে পরিমাণ গরম পড়ছিল, আজকে সমাপনী অনুষ্ঠানে খেলতে গেলে অনেকের কষ্ট হতো, আল্লাহর মেহেরবানিতে গতকাল এবং আজকে বৃষ্টি হয়েছে। মনে হয় এই বৃষ্টি শান্তির বার্তা নিয়ে এসেছে।
বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট অগ্রগামী ছিলাম। দুর্ভাগ্যবশত অতি মহামারি করোনাভাইরাস এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিকভাবে সবার কষ্ট হচ্ছে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি।











