পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামের সাধারণ মানুষ মানবাধিকার বা গণতন্ত্রের মতো এত ভারি ভারি কথা বোঝে না। তাদের দরকার উন্নয়ন, শেখ হাসিনার সরকার সেটি নিশ্চিত করেছে। এতেই খুশি তারা।
সোমবার (১২ জুন) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, যখন প্রথম ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল, অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এখন তারাই দেখছেন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয়, বাস্তব। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
গ্রামের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখন আর কষ্টে নেই। প্রধানমন্ত্রী তাদের ঘর দিয়েছেন। এছাড়া যারা অসহায় তারা ভাতা পাচ্ছেন। আমাদের কাছে হয়তো এত অল্প ভাতার দাম নেই, কিন্তু যাকে দেয়া হচ্ছে তার কাছে এর মূল্য অনেক।
এম এ মান্নান আরও বলেন, কফির কাপে চুমুক দিতে দিতে মানবাধিকারের কথা বলাই যায়। কিন্তু গ্রামের মানুষের দরকার ঘর, মাথা গোঁজার একটি জায়গা বা সুপেয় পানির জন্য একটি টিউবওয়েল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন।











