গত সপ্তাহে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন ইসলামি জিহাদ গোষ্ঠী থেকে দুটি প্রতিনিধিদল মিশর সফর করে। এ সফরে তারা কায়রোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন। এ বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হতে থাকে “ইসরাইলের সাথে দীর্ঘ মেয়াদী যুদ্ধ বিরোতিতে যাচ্ছে হামাস।” তবে এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম।
সোমবার (১২ জুন) আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, “ইহুদিবাদী ইসরাইলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে যেসব খবর গণমাধ্যমে উঠে এসেছে তা পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।”
তিনি আরো বলেন, “মিশরে সফর করা ফিলিস্তিনি প্রতিনিধি দলটি জেরুসালেম ও পশ্চিম তীর জুড়ে চলমান ইসরায়েলি আগ্রাসনের সাম্প্রতিক ঘটনাগুলো মিশরীয় কর্মকর্তাদের কাছে পেশ করেছে।”
এ সফরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতায়েহও যোগদান করেন। হামাসের বিবৃতি অনুযায়ী বৈঠকগুলোতে মূল আলোচনার বিষয়বস্তু ছিল ‘ফিলিস্তিনের উন্নয়ন সাধন করা।’
উল্লেখ্য; ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। দখলদার ইসরায়েলি কতৃপক্ষের দাবি গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে এ হামলা করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











