ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা সবার জন্যই হুমকি। অতএব এই বিষয়ে সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে এই ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে।
বুধবার (১৪ জুন) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আফতাবনগর-মেরুল সড়কে ইস্ট ওয়েস্ট ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি। কার্যকরী লার্ভিসাইডিং করছি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। কিন্তু সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
জনগণকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, সবুজে বাস, বারো মাস- এই স্লোগানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। ডিএনসিসি এলাকার ফুটপাতে, সড়ক বিভাজকে গাছ লাগানো হবে।
তিনি বলেন, আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। কোনো জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠ বাদাম, কৃষ্ণ চূড়া, সোনালু, সড়কের বিভাজকে কাঁটা মেহেদী, রঙ্গন, করবী ও বাগান বিলাস, বামন জারুল, রসকাউ লাগানো হবে। আর আমাদের খালের পাশে বিভিন্ন ধরনের ফলজ গাছ, আম, জাম, কাঁঠাল ও ওষুধি গাছ লাগাবো।
তিনি আরও বলেন, নগরে কোনো পাখি নেই। আমরা বন বিভাগের সঙ্গে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের খুবই প্রিয়। ক্লিনিং, গ্রিনিং ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে গাছ লাগানো হবে। গাছই পরিবেশ রক্ষা করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এই শহরকে বাঁচাতে সবার সহযোগিতায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে চাই।











