বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় মানবিক সহায়তা দিতে গিয়ে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হন সৈনিক মোন্নাফ হোসেন রাজু। বোমার স্প্লিন্টারে আহত হন আরেক সৈনিক মুহাম্মাদ রেজাউল। শুক্রবার (১৬ জুন) আনুমানিক দুপুর দেড়টায় বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় এই ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, রুমা উপজেলার ছিলোপি পাড়ায় মানবিক সহায়তা দিতে গিয়ে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হন সৈনিক মোন্নাফ হোসেন রাজু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়া টিওবি থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাচ্ছিল। পথে ক্যাম্প থেকে আনুমানিক চারশ’ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয় দলটি। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু ও সৈনিক মো. রেজাউল শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।
আহত দুজনকে চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু শাহাদাতবরণ করেন।










