প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে বিজয় অর্জন করে আমরা আমাদের দেশ পেয়েছি, কারও খবরদারির কাছে নতজানু হব না। এটাই আমাদের সিদ্ধান্ত। স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা।
রোববার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘মাননীয় প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমি যখন ১৯৯৬ সালে সরকার গঠন করি তখন মাত্র এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। সেটা বাড়িয়েছিলাম ৪ হাজার ৩০০ মেগাওয়াটে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেটাকে ৩ হাজার ৯০০ মেগাওয়াটে কমিয়ে আনে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমাদের লক্ষ্য ছিল প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবে। আমরা সেটা করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি আমরা; যা শুধু আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগেনি, করোনাকালীন সময়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের ডিজিটাল সিস্টেম কাজে লেগেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে তোলা হচ্ছে।











