spot_img

এডিস মশার রোধে আমাদের সকল কার্যক্রম চলমান : মেয়র তাপস

ডেঙ্গু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা কোনো দায় চাপানো বা দায় নিয়ে কোনো ধরনের বক্তব্য দিতে চাই না। আমাদের দায়িত্ব নিয়ে আমরা অত্যন্ত ওয়াকিবহাল আছি।

তিনি বলেন, গতবছরও আমরা সফলতার সঙ্গে এডিস মশার বিস্তৃতি মোকাবিলা করেছি। আমাদের সকল প্রস্তুতি, সক্ষমতা এবং পরিকল্পনা আছে। প্রত্যেক ওয়ার্ডেই আমাদের নির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োজিত রয়েছে। সকালে ৭ জন বিকেলে ৬ জন এবং একজন সুপারভাইজার দিনব্যাপী তদারকি করে থাকেন। এরপরে আমরা তদারকি করে থাকি। আমরা ১ শ্রাবণ থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষ চালু করব। সুতরাং এডিস মশার বিস্তৃতি রোধ করার জন্য আমাদের সকল কার্যক্রম চলমান রয়েছে এবং ধাপে ধাপে এটি আরও গতিশীল হবে, বেগবান হবে।

বুধবার সকালে (২১ জুন) খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ঢাকাবাসীকে জনগণের ডেঙ্গুর প্রজননস্থল সম্পর্কিত তথ্য প্রদানের আহ্বান জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যে তথ্য (ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা) পাচ্ছি এর বাইরেও আমরা ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনাদের নজরে যদি কোথাও পানি জমে থাকে বলে দেখতে পান অথবা এডিস মশার লার্ভা থাকতে পারে বলে মনে হয়, তাহলে আমাদের তথ্য দিন। আমাদের জনবল প্রত্যেকটা ওয়ার্ডেই নিয়োজিত রয়েছে। আপনারা তথ্য দিলে তারা দ্রুত সেই জায়গায় যেতে পারবে এবং নিধন করতে পারবে।

তিনি আরও বলেন, লার্ভিসাইড, এডাল্টিসাইড করতে পারবে, যথাযথ ব্যবস্থা নিতে পারবে। এছাড়াও আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। আমরা অভিযান চালিয়ে যাব। আমরা ব্যাপক জায়গায় লার্ভা পাচ্ছি, জরিমানা করছি। আমরা অভিযানটা চলমান রাখব, যাতে করে জনগণ, দায়িত্বশীল মহল, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন আবাসন কোম্পানি, সরকারি আবাসন সংস্থা তারা যেন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুহাম্মাদ ইফতেখার আহমেদ চৌধুরী, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, মুহাম্মাদ আতাহার মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মাদ খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী ড. মুহাম্মাদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ