spot_img
spot_img

চীন বাংলাদেশের অগ্রগতিতে পাশে থাকতে চায় : চীনা রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায়।

বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এগিয়ে চলা অনন্য, যা এশিয়ার অন্য দেশের জন্য অনুপ্রেরণার উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন তিনি।

ব্রিকসে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইয়াও ওয়েন বলেন, এতে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শেখ হাসিনা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নিজ দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তা চীন সবসময় সম্মান করে।

দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে চীনা অর্থায়নের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে পরিবেশের সুরক্ষার সঙ্গে সঙ্গে প্রকল্প সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। বাংলাদেশ যদি প্রকল্প প্রস্তাব দেয় তাহলে চীন দুই দেশের মধ্যে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ