spot_img
spot_img

জলঘোলা করে নয়; এবার আগে থেকে প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে যত কথাই বলুক না কেন আগামী নির্বাচনে বিএনপিকে আসতে হবে। আশা করব, ২০১৮ সালের মতো গাধার জলঘোলা করে নয়, এবার আগে থেকে প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে। বিএনপির এক দফার আন্দোলন কতটুকু হবে বা সেটি করতে গেলে আমাদের কি করতে হবে, সেটিও আমাদের জানা আছে।

বুধবার (২৮ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে দোতারার সুরের মতো করে এক দফার আন্দোলন আমরা সব সময় শুনতে পাচ্ছি। ওনারা কতটুকু আন্দোলন করতে পারবে সেটা আমরা জানি। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে মানুষ পোড়ানোর মহোৎসব আমরা দেখেছি। সেটি সামাল দিয়ে সরকার পাঁচ বছর টিকেছে। সরকারের ভিত জনগণের গভীরে। সরকারকে ধাক্কা দিতে গেলে বিএনপিই ধাক্কা খেয়ে পড়ে যাবে।

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে হাসান মাহমুদ বলেন, সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে। ট্রেনে, বাস এবং লঞ্চে যারা যাচ্ছেন সবাই ভালো অভিব্যক্তি প্রকাশ করেছেন। ঈদযাত্রা যাতে ভালো হয় সেজন্য সরকার একদিন ছুটি বাড়িয়েছিল। এজন্য সড়ক পরিবহন, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। প্রায় এক কোটির কাছাকাছি মানুষের বসবাস এই শহরে। চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্রবন্দর। চট্টগ্রামের বিভিন্ন সংস্থা, বিশেষ করে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, রেলওয়ে, বন্দরসহ সবার সঙ্গে আজ আমরা একটি সমন্বয় সভা করেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে লক্ষ হাজার কোটি টাকার মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে যাচ্ছেন। এটি দক্ষিণ এশিয়ায় প্রথম সড়ক টানেল। সেটির সঙ্গে নির্মিত আউটার রিং রোড নান্দনিক হয়েছে। আকাশ থেকে ভিউটা চমৎকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ