কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক বলছে ঢাকার অবস্থান ২০।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার বলছে, বায়ুদূষণে আজ ইন্দোনেশিয়ার জাকার্তা শহর ১৫৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। শহরটির স্কোর হচ্ছে ১৫৩। স্কোর এক কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো।
এ ছাড়া ১১৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। আর পঞ্চম স্থানে ১১২ স্কোর নিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এদিকে ৭৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ২০ নম্বরে, যা মাঝারি দূষণ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।











