ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দুইদিন ব্যাপী হামলায় ১২ ফিলিস্তিনি শাহাদাত বরন করেছেন। গুরুতর আহত হয়েছেন শতাধিক। জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রউফ জানিয়েছেন, প্রায় তিন হাজার মানুষ শরণার্থী শিবির ছেড়ে নিরাপদে আশ্রয়ে ছুটছেন।
রোববার (২ জুলাই) রাত থেকে পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে ড্রোন হামলার পাশাপাশি বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। এটি গত ২০ বছরের মধ্যে ওই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশের ঘটনা।
এদিকে দখলকৃত জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে ইসরায়েলি সেনাদের বহনকারী গাড়িগুলো জেনিন ছাড়তে শুরু করেছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে অভিযান শেষ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। খবর রয়টার্স ও বিবিসি।
দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের ফিরতি কনভয় দেখেছেন। রাতের অন্ধকারে সেনারা সামরিক বাহিনীর গাড়িতে চড়ে জেনিন থেকে পর্যায়ক্রমে বেরিয়ে যাচ্ছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুদিনের এ সামরিক অভিযানে ১২ ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।











