দখলদার ইসরাইলের সাথে সব ধরনের যোগাযোগ, বৈঠক ও নিরাপত্তা সমন্বয় বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরাইলি গণমাধ্যমগুলোর দাবি ‘নিরাপত্তা সমন্বয়’ এখনো পর্যন্ত চলমান রয়েছে।
গত সোমবার, ইসরাইলি বাহিনী জেনিন শহর জুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। যা গত ২০ বছরেও দেখা যায়নি। এ অভিযানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনে নিহত ও ১০০ জন আহত হয়।
আর ঠিক এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ।
বৈঠক অনুযায়ী, ইসরাইলের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করবে ফিলিস্তিন। নিরাপত্তা সমন্বয় বাতিল করা হবে। ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবে স্থানীয় বিভিন্ন সংগঠনগুলো। এছাড়াও ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের এর পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইসরাইলি গনমাধ্যম দাবি করেছে, রামাল্লা ও তেল আবিবের মধ্যে নিরাপত্তা সমন্বয় এখনো বলবৎ রয়েছে। তবে এ বিষয়টি অস্বীকার করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা। তাদের দাবি বিভ্রান্ত সৃষ্টি করার লক্ষ্যে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সাম্প্রতিক মাস গুলোতে ইসরাইলি আগ্রাসনের ফলে পশ্চিম তীরজুড়ে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই বছরের শুরু থেকে দখলদার বাহিনীর হাতে প্রায় ১৯০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। যার প্রতিবাদে ফিলিস্তিনিরাও পাল্টা আক্রমণ চালিয়েছে। এতে প্রায় ২৫ জন ইসরাইলি সৈনিক ও নাগরিক নিহত হয়েছে।
সূত্র: আল ওয়াফা নিউজ এজেন্সি











