spot_img
spot_img

সুযোগ-সুবিধা দিয়ে মাহমুদ আব্বাসের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে ইসরাইল

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্দেশ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রস্তাব গ্রহণ করেছে দেশটির মন্ত্রীসভা। নেতানিয়াহুর এ প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করা হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার আট জন এ সিদ্ধান্তের পক্ষে ভোট দিলেও দুইজন ব্যতিক্রম ছিলেন। যার মধ্যে একজন এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও অন্যজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১১’ জানিয়েছে এই দুইজনের একজন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ও অন্যজন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য কিছু অর্থনৈতিক সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ঋণ প্রদান, ঋণ নিষ্পত্তি, শুল্ক মওকুফ করার পাশাপাশি জ্বালানি পণ্যের মূল্য হ্রাস করা।

ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১১’ অনুযায়ী, জর্ডান ও পশ্চিম তীরের মধ্যে নির্মাণাধীন কিং হোসাইন ব্রিজের কাজের সময়সীমা বৃদ্ধি করা হবে। এছাড়াও গত জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাহার করে নেওয়া ভিআইপি পারমিট পুনরায় ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করছে ইসরাইলি সরকার।

উল্লেখ্য, গত সপ্তাহে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা প্রদান করেন। যেখানে তিনি জাতিসংঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলেরও আহ্বান জানান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ