আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকারকে আবার বিজয়ী করার আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।
বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন চলছে জানিয়ে এম এ মোমেন বলেন, ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।
মন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রায় ১৮৯ কোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে তিন শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অসমাপ্ত প্রকল্পগুলো আগামী নির্বাচনের আগেই শেষ করতে তিনি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরদের উদ্দেশে সিলেট সদর আসনের এই সংসদ সদস্য বলেন, জিনিসপত্রের দাম কেবল অভাবের কারণেই বাড়ে না। বিভিন্ন কারণে বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের কারণেও বাড়ে। তাই কোনো জমি যাতে পতিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটা মরিচের গাছ লাগালে পরিবারের মরিচের চাহিদা মেটানো যায়। এসব ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।











