spot_img

বিরোধী দলে থাকতে আ’লীগও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল : চরমোনাই পীর

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতী মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল। তারা একশর উপরে হরতাল করেছিল বাংলাদেশে। আমরা সেসব ভুলিনি। রাজপথে বাংলাদেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে সেকথা ভুলে গেল কিভাবে।

সোমবার (২১ আগষ্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, আজকে দেশের ভিতরে দেখবেন জানমালের নিরাপত্তা একেবারেই শেষ হয়েছে। রাস্তায় যখন মানুষ নামে এক পর্যায়ে গুম হয়ে যায়, আর ঘরের ভিতর থাকলে খুন হয়ে যায়। আমরা কষ্ট করে টাকা ইনকাম করি আর আমাদের টাকা পাচার হয়ে যায়। ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা নাকি দুই হাজার কোটি টাকা বিদেশে বেগম পাড়ায় পাচার করেছেন। এসব টাকা কি তার বাবার নাকি দাদার। এসব টাকা তো জনগণের কষ্টে আয় করা টাকা।

তৃণমূল প্রতিনিধি সম্মেলনে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিবার্চন দিতে সরকারকে উদাত্ত আহ্বান জানান চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি ক্বারী মুহাম্মাদ আব্দুল্লাহ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কামরুল হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ