ভারতে শুল্ক আরোপের খবরে দেশের বাজারে রাতারাতি সব ধরণের পেঁয়াজের দাম বেড়ে গেছে। হঠাৎ সঙ্কটের অজুহাতে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে দাম। এতে পুরনো অজুহাত কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২২ আগস্ট) কেজিতে শতক ছুঁয়েছে দেশী পেঁয়াজ।
বাজারে কৃত্তিম এ সঙ্কটের পেছনে কলকাটি নাড়ছে “সিন্ডিকেট চক্র”। যে চক্রে আছে খুচরা থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা। যে যেভাবে পাড়ছে ভোক্তার পকেট কাটছে। এ চক্রের প্রধান হাতিয়ার— একে অন্যকে দোষারোপ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরে যে পরিমাণ পেঁয়াজ দরকার এবার তার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ রেখে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেটের এই চক্রে রয়েছেন খুচরা থেকে বড় ব্যবসায়ী। তারা দাম বৃদ্ধির বিষয়ে একে অপরকে দোষারোপ করেন। এর মধ্যেই সবাই অবৈধ মুনাফা করে নিচ্ছেন।
মঙ্গলবার রাজধজানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজিতে। একটু নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায় । অর্থাৎ ৩ দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। যা তিন আগেও ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি।











