নির্বাচন ও ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আর কোনো চোরকে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা, বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’
জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ এবং দেশের মানুষ আমাদের কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। এ দেশের জনগণই নির্ধারণ করবে কারা দেশ চালাবে, কারা সমাজ পরিচালনা করবে।’
রুকনদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা এখন জামায়াতের প্রতি বাড়ছে। তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল বুঝে নেওয়ার ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মেয়র কিংবা কাউন্সিলর, কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না এবং কোনো আসন ফাঁকা রাখা যাবে না। সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে অবিচার বা অনিয়ম হলে জামায়াত ঘরে বসে তামাশা দেখবে না। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।











