spot_img
spot_img

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার ১২ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে খুঁজতে গিয়ে ১২ বছরের এক কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে শহরের খানপুর হাসপাতালে রেখে যায়। পরে বিকেলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং কোনো অভিভাবকের সন্ধান না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা মডেল থানা-পুলিশকে বিষয়টি জানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শিশুটি শুধু বলতে পেরেছে, তার বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায়। বাড়ি থেকে ছোট বোনকে খুঁজতে বের হয়ে সে ফতুল্লার চাঁনমারী এলাকায় চলে আসে। তখন রাত কয়টা বাজছিল, তা সে বলতে পারেনি।

ওসি জানান, চাঁনমারী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি ছোট বোনকে খুঁজে দেওয়ার কথা বলে তাকে ইজিবাইকে উঠিয়ে শিশু মার্কেট এলাকায় নিয়ে যায়। এরপর অজ্ঞাত একটি স্থানে কয়েকজন তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে শিশুটি জানিয়েছে। ভোরে কে বা কারা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটির অভিভাবকের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে থানায় বিষয়টি জানান।

মাহবুব আলম আরও জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ