নওগাঁর মান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় অটোরিকশায় মাইক লাগিয়ে হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানো হয়। পরে মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)। পুলিশ জানিয়েছে, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) কালিকাপুর ইউনিয়ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালানো হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত সন্দেহে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











