spot_img
spot_img

বাংলাদেশে চালু হচ্ছে নুসুক প্ল্যাটফর্ম; আরো সহজ হবে হজ-ওমরাহ

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য ঢাকায় ‍নুসুক প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্ল্যাটফর্মটি চালু করা হবে।

সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী তৌফিগ আল-রাবিয়ার নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকায় অবস্থান করবেন। এ সময় তারা নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।

সোমবার (২১ আগস্ট) এশিয়া প্যাসিফিক মার্কেটের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ জানান, বাংলাদেশ থেকে ওমরাহযাত্রী ও পর্যটকদের সুবিধার্থে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশোর আয়োজন করা হয়েছে। এই রোডশোর মূল উদ্দেশ্য- এই দেশে নুসুক প্ল্যাটফর্ম চালু করা। কারণ সৌদি আরবের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।

আলদাববাগ বলেন, সৌদির এই অনলাইন প্ল্যাটফর্মটি একটি ডিজিটাল পাসপোর্ট হিসেবে কাজ করে, যা ওমরাহযাত্রীদের যাত্রাকে আরও সহজ করে তুলবে। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছে সৌদি আরব। যা এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি।

আলদাববাগ বলেছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঢাকা আমাদের শীর্ষ পাঁচটি বাজারের একটি। সুতরাং সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনে এই বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সৌদি আরব এ বছর ৭ লাখ বাংলাদেশিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। আর ২০৩০ সালে এই সংখ্যা ২৬ লাখে পৌঁছাবে।

চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফর্ম চালু করেছিল। এই প্ল্যাটফর্মটি মুসল্লিদের মক্কা ও মদিনা এবং এর বাইরে পবিত্র শহরগুলোতে ভ্রমণের পরিকল্পনা করতে এবং এ সংক্রান্ত নানা সেবা গ্রহণের সুযোগ দিয়ে থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ