ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ডিমের বাজার সিন্ডিকেট করে অস্থির করে তোলার মধ্যেই পেঁয়াজে নতুন করে সিন্ডিকেট করে বাজার গরম করা হয়েছে। ভারতে শুল্ক আরোপের খবরে দেশের বাজারে রাতারাতি সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। এভাবেই জনগণকে শোষণ করছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটরা। সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) গণামধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আরও বলেন, ভারতে ৪০% শুল্ক আরোপ করবে কেবলমাত্র এই সংবাদের কারণেই ব্যবসায়ী সিন্ডেকেট জনগণের ১৮ কোটি টাকা লুটপাট করেছে। আমদানির পেঁয়াজ আসার আগেই বাংলাদেশের বাজারে বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত দুই দিনে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে গড়ে সাড়ে ১২ টাকা। দৈনিক চাহিদার হিসাবে এই সময়ে সাধারণ মানুষকে বাড়তি ব্যয় করতে হয়েছে প্রায় ১৮ কোটি ১৮ লাখ টাকা। ডিম সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট, সর্বত্র সিন্ডিকেট আর সিন্ডিকেট। রাজনৈতিক সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট। বাজারে কৃত্রিম এ সঙ্কটের পেছনে কলকাটি নাড়ছে সিন্ডিকেট চক্র।
তিনি বলেন, বর্তমান সংসদে আওয়ামী লীগের মহাজোটের একশত চুয়াত্তর জন সংসদ সদস্য ব্যবসায়ী। বাজারে সিন্ডিকেট পাকাপোক্ত করতেই কতিপয় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা সম্প্রতি এক সভায় শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে মানুষের মৌলিক চাহিদা পুরণ করতে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূলের উর্ধ্বগতি জনগণের জীবন-যাত্রা দুর্বিষহ করে তুলেছে। তারা ব্যবসায়ী সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে। শেখ হাসিনা সরকার কথিত ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনায় পৃষ্ঠপোষকতা করার কারণে সম্প্রতি ব্যবসায়ীরা যে কোনভাবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে মরিয়া।










