বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ করাই আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়েঅজন করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাস করে, বিচারবিভাগকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভয় দেখিয়ে টিকে থাকতে চায় সরকার। সেই ভয়কে ভেঙে ফেলতে হবে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, আজ সরকারি কর্মকর্তারা দলীয় কথাবার্তা বলছেন। আমি আশা করবো তারা যেন পেশার পোশাক খুলে রাজনীতিতে যোগ দেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সমাজ গড়তে হবে।
এ সময় বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, এভাবে আন্দোলন দমানো যাবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।










