দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। ডেঙ্গুর সংক্রমণ না কমার জন্য মশা নিধনে ব্যর্থতাকে দায়ী করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা যতই রোগীদের চিকিৎসা সেবা দিই না কেন, মশা না কমলে দেশে ডেঙ্গু রোগীও কমবে না।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি। মশা যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেভাবে হচ্ছে না বলেই ডেঙ্গুর সংক্রমণ কমছে না। তবে, আমাদের সেবা নিয়ে মানুষের কোনো অভিযোগ নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সিটি করপোরেশনের ওষুধ নিয়ে সমালোচনা হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে স্প্রে জোরদার করতে হবে, ভেজাল ওষুধ ব্যবহার থেকে দূরে থাকতে হবে। মশা নিধন কার্যক্রম জোরদার করতে হবে।
প্রতিবেশী দেশগুলোর থেকে বাংলাদেশের ডেঙ্গুর পরিস্থিতি খারাপ জানিয়ে জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।











