আমদানি সত্ত্বেও কমছে না পেঁয়াজের ঝাঁজ। খুচরা পর্যায়ে প্রায় সেঞ্চুরি ছোঁয়ার পথে দেশি পেঁয়াজের দাম। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আদা ও রসুনের দামও।
শুক্রবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জের কালীগঞ্জ, জিনজিরা ও আগানগর এবং রাজধানীর কারওয়ানবাজার, ফকিরেরপুল, গোপীবাগ, হাতিরপুল কাঁচাবাজার, পুরান ঢাকার শ্যামবাজার ও রায়সাহেব বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ভারতের পেঁয়াজ রফতানিতে শুল্ক আরোপের খবরে দেশের বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকা পর্যন্ত। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।
পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী দামে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। তাদের দাবি, ভারতের পেঁয়াজ রফতানিতে শুল্কায়নের অজুহাতে দাম বাড়াচ্ছে বিক্রেতারা।











